নিরাপদ ও সুস্থ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

তেহরান, ১১ মার্চ – ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মোজতবা খামেনি আহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বুধবার এই তথ্য জানানো হয়। ইউসুফ পেজেশকিয়ান তার টেলিগ্রাম চ্যানেলে জানান যে তিনি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শোনার পর কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন।
তারা তাকে নিশ্চিত করেছেন যে নতুন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় আছেন। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবাকে রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। মোজতবা খামেনি হলেন ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং তার উত্তরসূরি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি সাধারণত জনসমক্ষে খুব কম উপস্থিত হন এবং সরকারি অনুষ্ঠানেও তার বক্তব্য দেওয়ার নজির বিরল।
গত রবিবার তাকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর থেকে তিনি এখনো জাতির উদ্দেশে কোনো আনুষ্ঠানিক ভাষণ দেননি বা কোনো লিখিত বিবৃতিও প্রকাশ করেননি।
অন্যদিকে বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তিনজন অজ্ঞাত ইরানি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয় যে মোজতবা খামেনি পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি সম্পূর্ণ সচেতন রয়েছেন এবং সীমিত যোগাযোগের মধ্যে একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে অবস্থান করছেন।
এ এম/ ১১ মার্চ ২০২৬









