জাতীয়

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ১১ মার্চ – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবাসহ সাইদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার ব্যক্তি একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বিমানবন্দরের ৫ নম্বর বোর্ডিং ব্রিজের স্ক্যানিং মেশিনে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, সাইদুলের কাঁধের ব্যাগে কার্বন পেপার ও স্কচটেপে মোড়ানো পলিথিনের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় অ্যাম্ফিটামিনযুক্ত এই ইয়াবাগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সৌদি প্রবাসী ভাই নুরুল আমীনের কাছে এই ইয়াবার চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল তার। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সৌদি আরবে ইয়াবা পাচার এবং বিনিময়ে সেখান থেকে অবৈধভাবে স্বর্ণ নিয়ে আসার কাজ করছিলেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language