মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব: চট্টগ্রামে বাতিল আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট

চট্টগ্রাম, ১১ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ এবং দোহার এয়ারফিল্ড বন্ধ রয়েছে। এর জেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি ফ্লাইট। পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এবং যাওয়ার দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে মঙ্গলবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী সাতটি ফ্লাইট এসেছে এবং ছয়টি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার এরাবিয়া, বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলার শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
এনএন/ ১১ মার্চ ২০২৬









