বগুড়া

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ, মোবাইল অ্যাকাউন্টে মিলল ২৫০০ টাকা

বগুড়া, ১০ মার্চ – বগুড়ায় প্রথম ধাপে ৫৪৪ জনের মধ্যে ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এই কার্ডপ্রাপ্তরা সকালে তাদের মোবাইল অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। মঙ্গলবার বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বা মতাদর্শিক প্রভাব খাটানো হয়নি। সরকারি নিয়ম মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন নির্বাচনের পর গঠিত সরকার দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজে কোনো বিভাজন চান না কারণ সবাইকে নিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। শাখারিয়া ইউনিয়নে খানা জরিপ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে এখানকার ৮৫৯টি পরিবারই এই কার্ড পাবে। বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি চালু করা হচ্ছে।

কারিগরি ত্রুটির কারণে যারা আজ কার্ড পাননি তারা দ্রুতই পেয়ে যাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান উপজেলা সহকারী কমিশনার পলাশ চন্দ্র এবং বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা সহ আরও অনেকে। কার্ড পেয়ে পারভীন বেগম নামের এক নারী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাপ্ত অর্থ সংসারের কাজে লাগানোর কথা জানান।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language