জাতীয়

সৌদিতে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত, শোক জানালো বাংলাদেশ সরকার

ঢাকা, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৌদি আরব-এর আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। হামলায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

সরকার নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন সব ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিস্থিতি প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language