জাতীয়

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফেরানোর উদ্যোগ

কক্সবাজার , ৯ মার্চ – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ঢালাওভাবে মব জাস্টিস হিসেবে আখ্যায়িত করার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। অনেক ক্ষেত্রে সেগুলো কেবলই বিচ্ছিন্ন অপরাধ।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অন্যদিকে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত বা বিকৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই সম্পূর্ণ পেশাদারত্বের সঙ্গে এই তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়েও সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের অন্যতম গর্ব। এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে হবে। সৈকতের যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে।

এছাড়া দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।

কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির এই সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language