ময়মনসিংহ

গণমাধ্যম স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, ৯ মার্চ – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটিই বর্তমান সরকারের মূল প্রত্যাশা। সরকার চায় গণমাধ্যমগুলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুক এবং সমাজের নানা অসঙ্গতি নির্দ্বিধায় তুলে ধরুক। সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য নতুন করে কোনো নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। পাশাপাশি কেউ যদি কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অপকর্মের চেষ্টা করে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি চালায়, তবে ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি। সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যানজট নিরসনের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

ময়মনসিংহ শহরের যানজট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখানে রাস্তার কোনো সংকট নেই, মূল সমস্যা হলো ব্যবস্থাপনার ঘাটতি। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ পেট্রল ও ডিজেল মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, কোথাও জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি হলে তা কঠোর নজরদারির আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language