মধ্যপ্রাচ্য

ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন মোজতবা খামেনি

তেহরান, ৯ মার্চ – ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

সোমবার রাত সোয়া তিনটার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির ৮৮ জন শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে এই পদে নির্বাচিত করেছে। একইসঙ্গে নতুন নেতার প্রতি পূর্ণ সমর্থন জানাতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার স্ত্রী ও মেয়ে ছাড়াও বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। এরপর থেকেই সুপ্রিম লিডারের পদটি শূন্য ছিল।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি কখনোই কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি বা কোনো নির্বাচনে অংশ নেননি। তবে বাবার শাসনামলে অভ্যন্তরীণ রাজনীতিতে তার ব্যাপক প্রভাব ছিল। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে।

মোজতবা খামেনির নিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, মোজতবাকে সুপ্রিম লিডার হিসেবে মেনে নেওয়া হবে না এবং নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকতে হবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য পুরোপুরি উপেক্ষা করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকেই চূড়ান্ত হিসেবে বেছে নিয়েছে।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি প্রথম সুপ্রিম লিডার হয়েছিলেন। তার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খামেনি দ্বিতীয় এবং বর্তমানে মোজতবা খামেনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

এনএন/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language