উত্তর আমেরিকা

নিউইয়র্কে মেয়রের বাসভবনের সামনে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ, আটক ১

অ্যালবানি, ৮ মার্চ – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার শহরটিতে চলা একটি মুসলিমবিরোধী বিক্ষোভের সময় এই ঘটনা ঘটে এবং পুলিশ তৎক্ষণাৎ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীদের সামনে আগুন ধরানো দুটি বস্তু ছুড়ে মারা হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন যে উদ্ধারকৃত বস্তুগুলোর মধ্যে নাট-বল্টু, স্ক্রু এবং একটি ফিউজ পাওয়া গেছে, তবে এগুলো কার্যকর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী আমির বালাত নামের এক যুবককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে ওই যুবক টেপে মোড়ানো এবং ধোঁয়া নির্গত হওয়া একটি বস্তু পুলিশ ব্যারিকেডের কাছে এবং অপরটি বিক্ষোভকারীদের দিকে নিক্ষেপ করেন। উল্লেখ্য যে এদিন উগ্র ডানপন্থি কর্মী জেক ল্যাংয়ের নেতৃত্বে শহরে ইসলাম বিরোধী স্লোগান নিয়ে একটি ছোট দল বিক্ষোভ করছিল যাদের সংখ্যা ছিল প্রায় ২০ জন। এর বিপরীতে প্রায় ১২৫ জন পাল্টা বিক্ষোভকারী সেখানে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়।

পুলিশ আরও জানায় যে বিশৃঙ্খলার সময় পেপার স্প্রে ব্যবহারের দায়ে একজনকে এবং অন্যান্য অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

ঘটনার সময় মেয়র মামদানি বাসায় ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি এবং এর সাথে চলমান আন্তর্জাতিক সংঘাতের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language