ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

আহমেদাবাদ, ৮ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নামছে স্বাগতিক ভারত।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।

এর আগে সুপার এইটে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের সমীকরণের জটিলতা পেরিয়ে কিছুটা দেরিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তবে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৯ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নেয় কিউইরা।

২০২১ আসরেও তারা ফাইনালে খেলেছিল, কিন্তু সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বের সব ম্যাচে জয়লাভ করে সুপার এইটে পা রাখে। দ্বিতীয় পর্বের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছায় তারা।

ভারতের সামনে সুযোগ রয়েছে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপা এবং স্বাগতিক হিসেবে প্রথম ট্রফি জয়ের।

ফাইনালে ভারত একাদশে রয়েছেন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিভম দুবে, আর্শদিপ সিং, বরুণ চক্রবর্তি ও জসপ্রিত বুমরাহ।

অপরদিকে নিউজিল্যান্ড একাদশে আছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language