ইরানের আইআরজিসি’র নতুন প্রধান হলেন আহমাদ ওয়াহিদি

তেহরান, ৬ মার্চ – ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-এর নতুন সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি।
ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
গত ১ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হন। তাঁর মৃত্যুর পাঁচ দিন পর আহমাদ ওয়াহিদিকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব অর্পণ করল তেহরান।
ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আইআরজিসি গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বাহিনীর এলিট শাখা কুদস ফোর্সের শীর্ষ কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের শাসনামলে তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে আইআরজিসি গঠিত হয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং বিপ্লবের অর্জন রক্ষা করা এই বাহিনীর মূল দায়িত্ব।
এনএন/ ৬ মার্চ ২০২৬









