জাকাত ধনী ও দরিদ্রের মধ্যে ঐক্যের সেতুবন্ধন: রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী, ৫ মার্চ – রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ মন্তব্য করেছেন যে জাকাত ধনী ও দরিদ্রের মধ্যে সৌহার্দ্য, সমবেদনা এবং সামাজিক ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে। তিনি বলেন, জাকাত ধনীদের সম্পদ পবিত্র করার পাশাপাশি তাদের হৃদয়ে সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রদের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে সমাজে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৬ ও ২০২৭ অর্থবছরে সরকারি জাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণের বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. নিজাম উদ্দীন।
তিনি তার প্রবন্ধে জাকাত ব্যবস্থার ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরে দারিদ্র্য বিমোচনে এর কার্যকর প্রয়োগের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনুর রশীদ। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে সরকারি জাকাত ফান্ড থেকে নির্বাচিত ২০০ জন দরিদ্র মানুষের মাঝে জাকাতের চেক বিতরণ করা হয়।
এস এম/ ৫ মার্চ ২০২৬









