জাতীয়

অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার করে আয়কর নির্ধারণের নির্দেশ এনবিআরের

ঢাকা, ৫ মার্চ – করদাতাদের আমদানিকৃত পণ্যের সঠিক মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের প্রকৃত তথ্য যাচাইয়ে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই নির্দেশনায় আয়কর নির্ধারণের ক্ষেত্রে অ্যাসাইকুডা সিস্টেমের বিজনেস ইন্টিলিজেন্স (বিআই) সার্ভার থেকে তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের অধীনস্ত কর অঞ্চলসমূহের জন্য এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অডিটের জন্য কর মামলা নির্বাচনের সময় কিংবা ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের ক্ষেত্রে পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা বিআই সার্ভার ব্যবহার করবেন। সংশ্লিষ্ট করদাতা যদি আমদানিকারক হন, তবে তাঁর আমদানিকৃত পণ্যের মূল্য ও অগ্রিম আয়করের তথ্য যাচাই করে তা সার্কেল কর্মকর্তাকে লিখিতভাবে জানাতে হবে। কর কমিশনার এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা নির্ধারিত আইপি বাউন্ডেড কম্পিউটার থেকে এই সার্ভারে লগ-ইন করতে পারবেন। সংগৃহীত তথ্য একটি সুনির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে কর নির্ধারণী বা সার্কেল কর্মকর্তাদের সরাসরি এই সার্ভারে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না। এনবিআর জানায়, এই উদ্যোগের ফলে আয়কর মামলা নিষ্পত্তিকালে পণ্যের পরিমাণ ও মূল্যের সঠিক তথ্য যাচাই সহজ হবে। এতে স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রিম আয়করের ক্রেডিট দেওয়া সম্ভব হবে এবং কর ফাঁকি রোধ করা যাবে। এছাড়া আয়কর মামলা নিষ্পত্তি ও রিফান্ড প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। কাস্টমস ও আয়কর বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদানের এই ব্যবস্থাকে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছে রাজস্ব বোর্ড।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language