প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ মন্ত্রী মিলনের

ঢাকা, ৪ মার্চ – মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক পর্যায় থেকেই কার্যক্রম তদারকি ও নিবিড় পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন যে শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক বিদ্যালয় থেকেই রচিত হয়, তাই এই স্তরেই নজরদারি বাড়ানো অপরিহার্য। বুধবার (৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন যে সঠিক পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন ছাড়া শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা অসম্ভব। শিক্ষা খাতে গতি ও জবাবদিহি নিশ্চিত করাকে তিনি সময়ের দাবি হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী প্রতি শনিবার শিক্ষা বিষয়ক পর্যালোচনা সভা করেন এবং সারা সপ্তাহের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন বলে মন্ত্রী জানান। কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি ও অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে সব দাবি বা অভিযোগ নিঃশেষ করা সম্ভব নয়, তবে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে এবারের বাজেটে বরাদ্দ বৃদ্ধি পাবে এবং যৌক্তিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি প্রসঙ্গে ড. মিলন বলেন যে পূর্ববর্তী প্রকল্পগুলোর মিশন ও ভিশন কতটুকু বাস্তবায়িত হয়েছে তা মূল্যায়ন করা প্রয়োজন। অতীতে অবকাঠামো উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হলেও এখন থেকে শিক্ষার মানোন্নয়নেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসএএস/ ৪ মার্চ ২০২৬









