ড. ইউনূস ও সশস্ত্র বাহিনী প্রধানদের ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

ঢাকা, ৪ মার্চ – সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তাঁর উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল উল্লেখ করেন যে বিএনপি সরকার গঠনের দুই সপ্তাহ পূর্ণ হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তাঁর ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং একনেকের বিকল্প সভাপতির পদ অর্পণ করার জন্য। মন্ত্রী জানান, সরকারি দায়িত্ব পালন এবং নিজ জেলা ঠাকুরগাঁও সফরের কারণে তিনি গত কয়েক দিন অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন।
ফেসবুক পোস্টে তিনি ঠাকুরগাঁওয়ের জনগণ, দেশের ছাত্র-জনতা এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা অনলাইনে ও অফলানে দলের জন্য পরিশ্রম করেছেন। পাশাপাশি তিনি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন ও সরকার গঠনে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এলজিআরডি মন্ত্রী বিশেষভাবে ড. ইউনূস ও তাঁর উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সশস্ত্র বাহিনীর প্রধানরা নীতিতে অটল থেকে তাদের দায়িত্ব পালন করেছেন এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করেছেন।
আগামীর চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, দীর্ঘ ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। তবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ৪ মার্চ ২০২৬









