ইরানে বিশেষজ্ঞ পরিষদের ভবনে ইসরায়েলি হামলা, নেতৃত্ব নির্বাচন ব্যহতের চেষ্টা

তেহরান, ৪ মার্চ – ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের পর দেশটিতে যখন নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে, ঠিক সেই মুহূর্তে বড় ধরনের আঘাত হেনেছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য নির্ধারিত নীতি-নির্ধারণী সংস্থা ‘বিশেষজ্ঞ পরিষদ’ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর একটি গুরুত্বপূর্ণ ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র নগরী কোমে বিশেষজ্ঞ পরিষদের এই ভবনটি অবস্থিত। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রগুলোর দাবি, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য জ্যেষ্ঠ ধর্মীয় নেতারা যেখানে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন, সেই স্থানটি লক্ষ্য করেই এই নিখুঁত হামলা চালানো হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের দায়িত্ব পালন করছে। হামলার সময় এই পরিষদের কতজন সদস্য ভবনের ভেতরে অবস্থান করছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তিগত পছন্দ নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। বরং ধর্মীয় বিধি ও বিবেচনাবোধের ওপর ভিত্তি করেই তারা দ্রুততম সময়ের মধ্যে নতুন নেতার নাম ঘোষণা করবেন।
এনএন/ ৪ মার্চ ২০২৬









