বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে, বিপিএম-৬ হিসাবে ৩০.৫৮

ঢাকা, ৩ মার্চ – বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও উর্ধ্বমুখী ধারায় ফিরেছে। মঙ্গলবার দিন শেষে দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দিনশেষে রিজার্ভ ছিল ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল প্রায় ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার। মূলত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণেই রিজার্ভে এই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের টানা তিন মাস অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রবাসীরা প্রতি মাসে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলে ৩০২ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরবর্তী সময়ে নানা কারণে তা কমতে শুরু করে।
তবে বর্তমান প্রশাসনের দক্ষ ব্যবস্থাপনায় ডলারের বাজার স্থিতিশীল রয়েছে এবং রিজার্ভ থেকে ডলার বিক্রি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
এনএন/ ৩ মার্চ ২০২৬









