মধ্যপ্রাচ্য

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

তেহরান, ৩ মার্চ – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েল সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অসংখ্য গোলাবারুদ নিক্ষেপ করেছে।

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও তারা হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের চ্যানেল ১২ এর প্রতিবেদন অনুযায়ী ইরান নতুন করে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ এতে আরও বৃদ্ধি পেল।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language