গাজার পক্ষে কথা বলে হলিউডে নিষিদ্ধ, ইউরোপে কাজ খুঁজছেন সুসান সারানডন

বার্সেলোনা, ৩ মার্চ – গাজায় যুদ্ধবিরতির পক্ষে কথা বলার জেরে হলিউডের মূলধারার চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডনের জন্য। সম্প্রতি বার্সেলোনায় স্প্যানিশ ফিল্ম একাডেমির আন্তর্জাতিক গোয়া পুরস্কার গ্রহণের প্রাক্কালে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের ক্যারিয়ারের এই সংকটময় পরিস্থিতি তুলে ধরেন। ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ফিলিস্তিন ইস্যুতে মন্তব্যের জেরে তাকে তার এজেন্সি থেকে বহিষ্কার করা হয়েছিল, যার ফলে যুক্তরাষ্ট্রে বড় বাজেটের প্রজেক্টে কাজ করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সারানডন উল্লেখ করেন, হলিউডের দরজা অনেকটা বন্ধ হয়ে যাওয়ায় তিনি বর্তমানে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ড ও ইতালিতে কাজের সন্ধান করছেন। সেখানে তিনি মূলত স্বাধীন চলচ্চিত্র ও থিয়েটারে অভিনয় করছেন। তিনি বলেন, ইতালিতে আমি একটি সিনেমায় কাজ করেছি এবং কয়েক মাস থিয়েটারে সময় দিয়েছি। যদিও কিছু আন্তর্জাতিক পরিচালককে আমার সঙ্গে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছিল, তবুও তারা সেই নিষেধ উপেক্ষা করেছেন।
২০২৩ সালে ফিলিস্তিনের সমর্থনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার এজেন্সি চুক্তি বাতিল করে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। সারানডন স্পেনের রাজনৈতিক ও বাকস্বাধীনতার প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রে যেখানে শিল্পীদের ওপর সেন্সরশিপের খড়গ নেমে আসে, সেখানে স্পেনের শিল্পী ও নেতারা গাজার পক্ষে নির্ভয়ে কথা বলছেন। তিনি হাভিয়ের বারডেমের উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অবস্থানের কারণে শিল্পীদের কোণঠাসা করার সংস্কৃতি থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে তার কাজের সুযোগ এখনো ফুরিয়ে যায়নি।
এস এম/ ৩ মার্চ ২০২৬









