খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা

ঢাকা, ২ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের খবরে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে মন্ত্রণালয়।
গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানে আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রতিরক্ষা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে রবিবার ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে হামলাকারী হিসেবে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে বলা হয়, সংঘাতের মাধ্যমে কোনো সংকটের সমাধান সম্ভব বলে বাংলাদেশ মনে করে না। বরং পারস্পরিক শ্রদ্ধা এবং আইন সমুন্নত রেখে আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ।
হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এর আগে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছিল।
এনএন/ ২ মার্চ ২০২৬









