পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ২ মার্চ – পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাকৃবি।
আগামী ১৫ মার্চ রবিবার থেকে ২৬ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরণের ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পবিত্র রমজান ও অন্যান্য দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ নির্ধারিত সময়সীমার জন্য বন্ধ থাকবে। তবে এই ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যক্রম যথারীতি চালু থাকবে।
হেলথ অ্যান্ড স্যানিটেশন ফলের ১১নং ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জরুরি দাপ্তরিক কাজ পরিচালনার জন্য আগামী ২৪ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ বা হলের জরুরি প্রয়োজনে ছুটির দিনেও কর্মচারীদের নিয়োজিত রাখা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ছুটির হিসাব পর্যালোচনা করে দেখা যায় ১৫ মার্চের আগের দুই দিন এবং ২৬ মার্চের পরের দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মূলত টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন।
আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় পুনরায় তাদের স্বাভাবিক শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রমে ফিরে আসবে।
এম ম/ ২ মার্চ ২০২৬









