জেবেল আলী বন্দরে নাবিকদের সুরক্ষায় সরকারের বিশেষ নজরদারি, সাহস যোগালেন মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত, ২ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর নাবিকদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক নৌপথে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালনরত ৩১ জন নাবিকের সাহসিকতা ও পেশাদারির ভূয়সী প্রশংসা করেন তিনি।
মন্ত্রী জানান যে নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নাবিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
শেখ রবিউল আলম উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক নাবিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। চট্টগ্রামের বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করার কথাও জানান মন্ত্রী, যার মাধ্যমে নাবিকদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান মন্ত্রী। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে স্থানীয় এজেন্ট এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, জাহাজটি কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলী বন্দরে অবস্থান করছে।
নাবিকদের উদ্দেশে মন্ত্রী বলেন যে সংঘাতময় পরিস্থিতির মধ্যেও তারা যে ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন তা জাতির জন্য গর্বের বিষয়।
জাতীয় অর্থনীতি সচল রাখতে তাদের এই অবদান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং সরকার তাদের পাশে দৃঢ়ভাবে আছে বলে আশ্বস্ত করেন।
এম ম/ ২ মার্চ ২০২৬









