খামেনির মৃত্যুতে পুতিনের শোক, ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত

তেহরান, ১ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনির মৃত্যুকে তিনি মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় রুশ প্রেসিডেন্ট এই প্রতিক্রিয়া জানান।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটির প্রেসিডেন্টের কাছে পাঠানো বার্তায় পুতিন গভীর সমবেদনা জানিয়েছেন। পুতিন উল্লেখ করেন যে রাশিয়ায় আয়াতুল্লাহ খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে। রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন এবং সেটিকে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যেতে তার ব্যক্তিগত অবদান ছিল অনস্বীকার্য। রাশিয়ার প্রেসিডেন্ট অনুরোধ জানান যেন তার এই আন্তরিক সমবেদনা ও সমর্থনের বার্তা সর্বোচ্চ নেতার পরিবার, ইরান সরকার এবং সমগ্র ইরানি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়।
এস এম/ ১ মার্চ ২০২৬









