৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম: ৯০ কোটি টাকা ফেরতের সুপারিশ ডিআইএর

ঢাকা, ১ মার্চ – শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরীক্ষা চালিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রকাশিত এই তালিকায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটি সংক্রান্ত নানাবিধ আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।
এসব গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রায় ৯০ কোটি টাকা বা সুনির্দিষ্টভাবে ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দখলহাত ছাড়া হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের বিষয়েও জোর তাগিদ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের বিস্তারিত ও পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের নিজস্ব নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ডিআইএ।
এস এম/ ১ মার্চ ২০২৬









