মধ্যপ্রাচ্য

আইআরজিসির নতুন প্রধান হিসেবে আহমদ বাহিদিকে নিয়োগ দিল ইরান

ইরান, ১ মার্চ – ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর শূন্য পদটি দ্রুত পূরণ করেছে দেশটির সরকার। রেভল্যুশনারি গার্ডসের নতুন প্রধান হিসেবে সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নতুন কমান্ডার হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে বাহিদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

এর আগে শনিবার আইআরজিসির পূর্ববর্তী প্রধান পাকপুরসহ ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। এছাড়া ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন বলে খবরে জানানো হয়েছে। দেশের এই চরম সংকটময় পরিস্থিতিতে নতুন কমান্ডারের নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসএএস/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language