মধ্যপ্রাচ্য

রিয়াদ, জেদ্দা ও মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চালু, বন্ধ থাকছে ৪ গন্তব্য

রিয়াদ, ১ মার্চ – সৌদি আরবের রাজধানী রিয়াদ, জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ১ মার্চ থেকে এসব গন্তব্যে নিয়মমাফিক ফ্লাইট পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে যাত্রীদের তাদের নির্ধারিত ফ্লাইট সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিমানবন্দরে পৌঁছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার থেকে বোডিং পাস সংগ্রহ করতে বলা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই আরব আমিরাত ও কাতারে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০ থেকে ৮০৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language