মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের ২০টির বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য নিশ্চিত করেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন যে এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে দক্ষিণ ইরানের মিনাব কাউন্টিতে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে চালানো ওই হামলায় ৫১ জন শিক্ষার্থী নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যেখান থেকে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ইরানের প্রতিরক্ষার বিরুদ্ধে যেসব স্থাপনা ব্যবহৃত হয়েছে সেসব স্থানে পাল্টা আঘাত হানার অধিকার ইরানের রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান আত্মরক্ষার স্বার্থে কঠোর জবাব দেবে বলে তিনি উল্লেখ করেন।

গত কয়েক মাস ধরে চলমান ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে এবং তেহরান এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language