খামেনিকে নিরাপদে সরিয়ে নেয়ার খবর, তেহরানে বিস্ফোরণ ও কড়া নিরাপত্তা

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে বিবিসি অ্যারাবিক-এর প্রতিবেদন অনুযায়ী, তেহরানে খামেনির সদরদপ্তর এবং প্রেসিডেন্সিয়াল প্রাসাদের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, ওই এলাকার আশেপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। এএফপি জানিয়েছে, তেহরানজুড়ে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনলেও তা বিমান হামলা নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে সৃষ্ট, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষ করে তেহরানের দক্ষিণ ও পশ্চিম অংশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
অন্যদিকে, কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণ এবং বিমান হামলার সতর্কতা সাইরেন শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
কাতারস্থ এক কর্মকর্তার বরাতে এএফপি জানায়, সেখানে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। উল্লেখ্য, কাতারের আল উদেইদ ঘাঁটিটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক স্থাপনা।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









