রংপুর বিভাগ

রংপুরে টিসিবির বিপুল পণ্য উদ্ধার, ডিলার আটক

রংপুর, ২৮ ফেব্রুয়ারি – রংপুর নগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নগরীর রেলস্টেশন সংলগ্ন খেড়বাড়ি এলএসডি গুদাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রুবেল মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর এবং ১৬২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত রুবেল মিয়া টিসিবির একজন ডিলার।

তিনি সরকারি এসব পণ্য সাধারণ মানুষের কাছে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি না করে নিজের গুদামে অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল পরবর্তীতে এসব পণ্য কালোবাজারে চড়া দামে বিক্রি করা। এডিসি সনাতন চক্রবর্তী জানান, এনএসআই ও টিসিবির দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই খেড়বাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল নিজের অপকর্মের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language