তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেটে

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবার আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









