জাতীয়

গুলশানে শিক্ষার্থীদের ওপর হামলা: বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা রিয়াদ গ্রেফতার

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – রাজধানীর গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় রিয়াদ সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালান। সাধারণ শিক্ষার্থীরা তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বাঁধন নামের বিবিএ পড়ুয়া এক শিক্ষার্থীকে সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষার্থীদের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগেও গত বছরের জুলাই মাসে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রিয়াদ গ্রেফতার হয়েছিলেন।

তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language