লক্ষীপুর

তারেক রহমান এখন দলের নয়, দেশের সরকার: লক্ষ্মীপুরে উপদেষ্টা ইসমাইল

লক্ষ্মীপুর, ২৭ ফেব্রুয়ারি – জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা। তিনি এখন আর কোনো নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী নন, বরং তিনি জনগণ ও দেশের সরকার। শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এই সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এক অন্ধকার সময় অতিক্রম করেছে। গণতান্ত্রিক আন্দোলনে যুক্তদের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছিল এবং সর্বত্র ভীতি ও নৈরাজ্য বিরাজ করছিল। বিগত শাসনামলে জনপ্রশাসন ও পুলিশসহ সরকারি দপ্তরগুলোতে যেভাবে দলীয়করণ করা হয়েছে, তা সবার জানা। প্রতিটি স্তরে রাজনীতি ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই জঞ্জাল পুরোপুরি সরানো কঠিন হলেও এটি একটি বড় চ্যালেঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুযায়ী একটি দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন জনগণকে উপহার দেওয়া হবে। সভায় পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম লক্ষ্মীপুর সফর।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language