জাতীয়

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শুক্রবার সারা দেশে বিশেষ দোয়ার ডাক বিএনপির

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলের এই ঐতিহাসিক বিজয়ের পর বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামীকাল শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা। একই সঙ্গে নতুন সরকারের আগামীর পথচলায় দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া সারা দেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language