ময়মনসিংহ

নান্দাইলে বাসের রেষারেষিতে চালক নিহত ও স্কুলছাত্র আইসিইউতে বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ, ২৬ ফেব্রুয়ারি – ময়মনসিংহের নান্দাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জেরে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা বিচার দাবিতে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্ডীপাশা এলাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কটি বন্ধ করে দিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে।

প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

দুর্ঘটনার শিকার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রব্বানী বর্তমানে জীবনমমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গাঙাইল ইউনিয়নের দরিল্লাহ গ্রামের আবুল হাশেমের ছেলে রব্বানী গত বুধবার বিকেলে প্রাইভেট পড়া শেষে ইজিবাইক যোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের মতে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ডাংরি এলাকায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী দুটি যাত্রীবাহী বাস একে অপরকে অতিক্রম করার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। একপর্যায়ে পেছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সোহাগ মিয়া বাসের নিচে চাপা পড়ে নিহত হন। এই ঘটনায় রব্বানীসহ অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রব্বানীর মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে নিহত চালক সোহাগ মিয়াকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language