বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফ নির্ধারিত বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ এখন ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দিন শেষে রিজার্ভের এই নতুন স্থিতি দাঁড়িয়েছে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল প্রায় ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার এবং বিপিএম ৬ পদ্ধতিতে তা ছিল ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। মাসের শুরুতে অর্থাৎ ২ ফেব্রুয়ারি রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি বছরের ১৫ জানুয়ারি রিজার্ভ ৩২ দশমিক ৩২ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বা আকু দায় বাবদ ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার পরিশোধের ফলে তা কিছুটা কমেছিল। ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে বর্তমানে রিজার্ভ বৃদ্ধির পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় বড় ভূমিকা রাখছে।
গত ডিসেম্বরের ধারাবাহিকতায় বিদায়ী জানুয়ারি মাসেও প্রবাসীরা ৩১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এছাড়া চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহেও ২৩০ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
উল্লেখ্য যে ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে তা কমতে শুরু করে এবং সরকার পরিবর্তনের সময় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখা এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে রিজার্ভ আবারও শক্তিশালী অবস্থানে ফিরছে।
বর্তমানে ডলারের বিনিময় হার ১২২ টাকার আশেপাশে স্থিতিশীল রয়েছে এবং আমদানিতেও প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









