বাংলাদেশ ব্যাংকে রদবদল: চার পরিচালক ও এক অতিরিক্ত পরিচালক বদলি

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ ব্যাংকের চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে একযোগে বদলি করা হয়েছে।
বুধবার জারি করা এক দাপ্তরিক আদেশে কেন্দ্রীয় ব্যাংকের এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ১ এর পরিচালক মো. জয়নুল ইসলামকে বদলি করে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে পাঠানো হয়েছে। অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের পরিচালক মো. শহিদ রেজা হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ১ এ যোগ দেবেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ১ এর পরিচালক মো. বায়েজিদ সরকারকে মতিঝিল অফিসে বদলি করা হয়েছে, যেখানে তিনি কারেন্সি বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মতিঝিল অফিসের পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ১ এ স্থানান্তর করা হয়েছে।
পাশাপাশি অতিরিক্ত পরিচালক পদের রদবদলে গভর্নর অফিস থেকে মো. কামরুল ইসলামকে বদলি করে সদরঘাট অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদেশে উল্লেখ করা হয়েছে যে, এই বদলি অবিলম্বে কার্যকর হবে। কর্মকর্তাদের তাদের বর্তমান দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুততম সময়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









