নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে চরম বঞ্চনার শিকার হয়েছিলেন।
তাকে প্রথমে চাকরিচ্যুত এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসপি পদমর্যাদায় নিজের চাকরি ফিরে পান এবং এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









