জাতীয়

১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে সব রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হয়। যেহেতু গত ১৩ ফেব্রুয়ারি এই নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে তাই আইন অনুযায়ী ১৪ মার্চের মধ্যে এই হিসাব জমা দিতে হবে।

এছাড়া প্রার্থীদের দাখিলকৃত ব্যয়ের হিসাব বিবরণী আগামী ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য এবারের নির্বাচনে প্রায় ২ হাজার ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language