ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরব গেলেন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব, ২৫ ফেব্রুয়ারি – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর। ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি এই সফরে গিয়েছেন।
জেদ্দায় অনুষ্ঠেয় এই বৈঠকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
আগামী বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গেছে।
বিশেষ করে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পাবে। ওআইসি জানিয়েছে, এই জরুরি অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় করা হবে এবং ইসরায়েলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে সম্ভাব্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
সম্প্রতি ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের জমিকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করে সেখানে বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থান পরিবর্তনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে যা দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।
এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









