পিলখানায় শহীদ সেনাদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডে শহীদ হওয়া সেনাদের প্রতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান।
সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর সম্মান জানান।
পুষ্পস্তবক অর্পণের পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুরে বাজানো হয়। এরপর তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময়ে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
২৫ ফেব্রুয়ারি আজ জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। ২০০৯ সালের এই দিনে সাবেক সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নাম দিয়ে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরভাবে নিহত হন। সাকিল আহমেদের স্ত্রীসহ কয়েকজন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়। পরের দিনও হত্যাযজ্ঞ চলে।
১৭ বছর আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক দিনটিকে গত বছর থেকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









