জাতীয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ চৌধুরী

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
উপ সচিব মো. গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
তবে এর জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









