জাতীয়

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় শিক্ষার্থী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে সংঘটিত ওই অভিযানের সময় পুলিশি হেনস্তা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ডিসি মো. মাসুদ আলম জানান, গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। ওই সময় উৎসুক কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধর করে বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এবং মঙ্গলবার দুপুরে ডিসি মাসুদ আলমের অপসারণ চেয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language