প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দিনের কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ নীতি নির্ধারণী বৈঠকে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, আইনমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। উল্লেখ্য, দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









