বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক ও ইনস্টাগ্রামের ট্র্যাকিং বন্ধ করার উপায়

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা যখন তাদের অ্যাপের বাইরে অন্য ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করেন তখনো তাদের কার্যকলাপসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। মূলত ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা কাস্টমাইজ করা ও লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর জন্যই এসব তথ্য ব্যবহার করা হয়ে থাকে।

উদাহরণস্বরূপ কেউ যদি কোনো অনলাইন স্টোরে জুতা খোঁজেন এবং সেই ওয়েবসাইট যদি কার্যকলাপের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করে তবে পরবর্তীতে ওই ব্যবহারকারী ফেসবুক বা ইনস্টাগ্রামে একই ধরনের জুতার বিজ্ঞাপন দেখতে পারেন। তবে ব্যবহারকারীদের জন্য স্বস্তির বিষয় হলো এই তথ্য দেখা ও নিয়ন্ত্রণের সুযোগ রেখেছে মেটা। মেটার ‘ইওর একটিভিটিজ অফ মেটা টেকনোলজিস’ ফিচারটির মাধ্যমে দেখা যায় কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর তথ্য শেয়ার করেছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ বিচ্ছিন্ন করতে পারেন এবং আগের সব কার্যকলাপের তথ্য মুছে ফেলতে পারেন।

এছাড়া ভবিষ্যতে তথ্য শেয়ার বন্ধ করা কিংবা তথ্য ডাউনলোড করে অফলাইনে পর্যালোচনা করার সুযোগও রয়েছে। ফেসবুকের ওয়েব সংস্করণ থেকে এটি দেখার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি মেনু থেকে সেটিংসে যেতে হবে। এরপর অ্যাকাউন্ট সেন্টার নির্বাচন করে ‘ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন’ অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘ইওর একটিভিটি অফ মেটা টেকনোলজিস’ নির্বাচন করলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে। একইভাবে ফেসবুক অ্যাপ ও ইনস্টাগ্রাম থেকেও অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে এই সেটিংস পরিবর্তন করা সম্ভব। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতে নিয়মিত এ সেটিংসগুলো পর্যালোচনা করা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language