মিডিয়া

সোহরাওয়ার্দী উদ্যানে লাইভ চলাকালে সাংবাদিকদের বেধড়ক পেটাল পুলিশ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের সংবাদ সরাসরি সম্প্রচার করার সময় এ ঘটনা ঘটে। এতে বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যরা তাদের ওপর চড়াও হন এবং লাঠিপেটা করেন। আহত অন্য সাংবাদিকরা হলেন এনপিবি নিউজের আকাশ ও আজকের পত্রিকার কাওসার আহমেদ রিপন।

জানা যায়, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নামে পুলিশ। জনগুরুত্বপূর্ণ এ অভিযানের দৃশ্য জনসমক্ষে তুলে ধরতে ফেসবুক লাইভ করছিলেন সাংবাদিক তোফায়েল আহমেদ ও তার সহকর্মীরা। পুলিশ কোনো বাছবিচার ছাড়াই সাংবাদিকদের ওপর লাঠিচার্জ শুরু করে। গুরুতর আহত অবস্থায় তোফায়েল আহমেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, লাঠির আঘাতে তার শরীরে জখম হয়েছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক কাওসার আহম্মেদ রিপন জানান, তোফায়েলকে বাঁচাতে গেলে পুলিশ সদস্যরা তাদেরও মারধর করেন।

এ বিষয়ে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের ক্রাইম বিটের প্রধান আবাদুজ্জামান শিমুল বলেন, পুলিশ অপরাধ দমনে কাজ করছে এবং গণমাধ্যম তা ইতিবাচকভাবে তুলে ধরে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলা অনাকাঙ্ক্ষিত। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে সাংবাদিক নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language