নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ ও পর্যাপ্ত ফায়ার স্টেশনের দাবি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের বিশাল অবদান থাকলেও বিগত সরকার এখানে কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেনি। অথচ প্রয়োজনের তুলনায় অনেক আগেই এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা উচিত ছিল।

সোমবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জেলায় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান ও মার্কেট গড়ে উঠলেও ফায়ার স্টেশনের সংখ্যা অত্যন্ত নগণ্য। ফলে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঢাকার সহায়তার অপেক্ষায় থাকতে হয়। শহরের যানজট নিরসনে বাসস্ট্যান্ড স্থানান্তরের জন্য জায়গা নির্ধারণ করা হলেও গণতান্ত্রিক সরকার না থাকায় তা এতদিন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শহরের বাইরে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া হলে যানজট অনেকটাই কমে আসবে।

দিপু ভূঁইয়া উল্লেখ করেন, বিকেএমইএ ও চেম্বারের যৌথ উদ্যোগে যানজট নিরসনে ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও লোকবল দেওয়া হবে। ব্যবসায়ীদের যেকোনো সংকটে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। বাজার মনিটরিং প্রসঙ্গে তিনি বলেন, ছোট ব্যবসায়ীদের লোকদেখানো জরিমানা করা হলেও আমদানিকারকদের গুদাম তদারকি করা হয় না। প্রশাসনের উচিত সবাইকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা। এছাড়া তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন। স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের সহযোগিতায় এবং সবার সমন্বয়ে ফুটপাত দখল ও যানজট সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language