৫ আগস্টের পর ব্যবসায়ীদের হয়রানি রোধে মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে বলেছেন, অযথা কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সব অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর সুবিধাবাদী একটি গোষ্ঠী ব্যক্তিগত আক্রোশ বা ফায়দা লোটার জন্য অনেক সম্ভ্রান্ত ব্যক্তি ও বড় ব্যবসায়ীদের মামলার আসামি করেছে। এসব মামলায় এমন অনেকের নাম জড়ানো হয়েছে, যাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো যৌক্তিক কারণ নেই। তিনি বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি।
কিন্তু মিথ্যা মামলার কারণে সাধারণ মানুষ ও বিশিষ্টজনরা ভোগান্তিতে পড়লে সুশাসন প্রশ্নবিদ্ধ হবে। তাই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। এ কাজের জন্য আলাদা কোনো কমিটির প্রয়োজন নেই বরং পুলিশই তাদের নিয়মিত দায়িত্ব হিসেবে এটি পালন করবে এবং দ্রুত প্রতিবেদন জমা দেবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আশ্বস্ত করেন, শুধু ব্যবসায়ী নন, সাংবাদিকসহ সমাজের যেকোনো স্তরের মানুষই যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সরকার তা নিশ্চিত করবে।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









