গাজীপুর

দুর্নীতির অভিযোগ: সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

গাজীপুর, ২৩ ফেব্রুয়ারি – দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং তার পরিবারের সদস্যদের নামে পরিচালিত ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

জব্দকৃত এসব ব্যাংক হিসাবে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা স্থিতি রয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের উপপরিচালক আলমগীর হোসেন আদালতে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন জানান।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয় যে আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তাদের কাছে প্রতীয়মান হয়েছে যে অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার এবং নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ এসব হিসাবে জমা রেখেছেন। তদন্ত চলাকালীন এসব অর্থ যেকোনো সময় উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার শঙ্কা থাকায় হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে আদালত মনে করেছেন।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language