জাতীয়

ঢাকার দুই সিটিসহ দেশের ৬ মহানগরে প্রশাসক নিয়োগ

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকার দুটিসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। ঢাকার বাইরের মহানগরগুলোর মধ্যে খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হলো। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি মোতাবেক সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language