আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের গুঞ্জন

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের উচ্চমহলে আলোচনা চলছে। প্রায় দেড় বছর ধরে এই দায়িত্বে থাকা তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে আইনজীবী আমিনুল ইসলামের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার আইনজীবী দলের সদস্য ছিলেন।

আইনাঙ্গনসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর থেকেই প্রসিকিউশন টিমে রদবদলের বিষয়টি আলোচনায় ছিল।

রবিবার রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি ফেসবুক স্ট্যাটাসের পর এই আলোচনা আরও ঘনীভূত হয়। বার্গম্যান তার পোস্টে উল্লেখ করেছেন যে সরকার নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে বিবেচনা করছে এবং বর্তমান প্রসিকিউটরকে বিষয়টি অবহিত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বরে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। তার নেতৃত্বে প্রসিকিউশন টিম জুলাই এবং আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের দণ্ডাদেশ হয়েছে এবং আগামী ৪ মার্চ রামপুরার একটি ঘটনার রায় ঘোষণার কথা রয়েছে।

সম্প্রতি তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন যে ট্রাইব্যুনালের বিচারকাজ স্বাভাবিক গতিতেই চলবে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। তবে পরিবর্তনের গুঞ্জন এখন বেশ প্রবল আকার ধারণ করেছে।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language